Upcoming: Bengali New Year Edition '26

Ongoing: Autumn Edition '25 (Published 10 Apr. 2026)

ISSN 2321 - 4805

  • "দল"-এর "নটী বিনোদিনী নাট্যোৎসব"

    09 Apr 2026: "দল"-এর "নটী বিনোদিনী নাট্যোৎসব"

    Gitanjali Das , Theatre Artist , বিশ্বভারতী

    শান্তিনিকেতনের "দল নাট্যগোষ্ঠী" এবছর তাদের প্রতিষ্ঠার কুড়ি বছর (২০০৬-২৬) উদযাপন করছে। সেই সাথে ২০১৬ সালে তারা প্রথমবারের মতো নটি বিনোদিনীর স্মরণে "নটি বিনোদিনী আন্তর্জাতিক নাট্যোৎসব" নামে একটি নাট্যোৎসব শান্তিনিকেতনে প্রবর্তন করেছিল। এবছর সেই উৎসবটিরও ১০ বছর অতিক্রান্ত হলো।

    ১০ বছরে এটি তাদের পঞ্চম নাট্যোৎসব। এই পঞ্চম বারের "নটী বিনোদিনী নাট্যোৎসব"টি গত ২৫ থেকে ২৭ মার্চ, ২০২৬ তারিখে শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। উৎসবে বেশ কয়টি উল্ল্যেখযোগ্য প্রযোজনা উপস্থাপিত হয়েছে তন্মধ্যে প্রথমদিন ছিল শান্তিনিকেতনের আশ্রম বিদ্যালয় 'পাঠভবনে'র প্রযোজনায় রবি ঠাকুরের নাটক ডাকঘর। নাটকটির নির্দেশনা করেছেন দল নাট্যগোষ্ঠীর নির্দেশক বিভাস বিষ্ণু চৌধুরী। নাটক প্রসঙ্গে নির্দেশক বলেন, রবীন্দ্র নাটক উপস্থাপনের আঙ্গিকগত বৈশিষ্ঠ্যের বিবেচনায় এই নাট্য উপস্থাপনাটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। গত প্রায় এক দশককাল ধরে "দল নাট্যগোষ্ঠী" আবহমান বাঙলার হাজার বছরের নাট্য ঐতিহ্যের নানারূপ পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের দ্বিতীয় পর্যায়ে রচিত নাটকগুলোর উপস্থাপনের একটি স্বতন্ত্র নাট্যধারা তৈরী করার চেষ্টায় রত। ডাকঘর নাটকটি সেই নাট্যপ্রয়াসেরই একটি সার্থক রূপ।

    উৎসবের দ্বিতীয় দিন তথা ২৬ মার্চ দুটি নাটক মঞ্চস্থ হয় তন্মধ্যে প্রথম নাটকটি ছিল "দল নাট্যগোষ্ঠী"র নতুন প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়ন। নির্দেশক জানান, গত বছর বাদল শতবর্ষে তারা বাদল সরকারের সারারাত্তির নাটকটির মঞ্চায়ন করবেন বলে মনস্থ করেছিলেন কিন্তু নাটকের গভীরতা এবং বিশালতার এতটা ব্যাপ্তি ছিল যে, তারা অল্প সময়ে নাটকটি মঞ্চস্থ করতে চাননি। তৎপরবর্তীকালে দীর্ঘ সময়ের একটি অনুশীলন শেষে তারা সেদিন নাটকটি মঞ্চস্থ করে। নাটকটির নির্দেশনায় ছিলেন বিভাস বিষ্ণু চৌধুরী। এর পরপরই ছিল "গোবরডাঙ্গা মৃদঙ্গম"-এর নাটক A Political Dream, নির্দেশনায় ছিলেন বরুণ কর।

    ২৭ তারিখ তারা উৎসবের অংশ হিসেবে "বিশ্ব নাট্য দিবস" উদযাপন করে। সেই উদযাপনে তারা বিশ্বভারতীর সংগীত ভবন-এর নাট্যকলা বিভাগকে সংযোগ করে নেয় তাদের উৎসবে। সেদিন নাট্যকলা বিভাগের ছাত্র ছাত্রীদের অভিনীত এবং নির্দেশিত প্রায় পাঁচটি নাটক মঞ্চস্থ হয় যার সবকয়টিই ছিল ছাত্র-ছাত্রী দ্বারা নির্দেশিত এবং অভিনীত। এছাড়াও সেদিন হাওড়ার "থিয়েটার ওয়ার্কার্স রেপার্টরী"র দিন ইবার বদলিনছে নামে আরেকটি নাটক উপস্থাপিত হয় যার নির্দেশনায় ছিলেন সৌরভ চট্টোপাধ্যায়।

    প্রযোজনাগুলোর পাশাপাশি প্রথম দিনের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠভবনের অধ্যক্ষা বোধিরূপা সিংহ, উপাধ্যক্ষ সুরজিৎ সেন, টেকনো ইন্ডিয়া প্রাইভেট স্কুলের অধ্যক্ষা সুকন্যা ঘোষ বিশ্বাস, আজকাল পত্রিকার ডেপুটি এডিটর শীর্ষেন্দু চক্রবর্তী, এবং বর্ধমানের "এবং আমরা" নাট্যদলের নির্দেশক কল্লোল ভট্টাচার্য।

    এছাড়া দ্বিতীয়দিন তারা বীরভূমের বিভিন্ন নাট্যদলের নির্দেশক বা দলপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে উপস্থিত ছিলেন "ইলোরা" নাট্যদলের প্রধান মলয় ঘোষ, আমোদপুর "নাটতীর্থ" নাট্যদলের সন্দীপন দত্ত, সাঁইথিয়া "অ্যাম্পিথিয়েটারওয়ালা"র অনিন্দ্য আচার্য, "সেঁজুতি" নাট্যদলের সুমনা চক্রবর্তী, "হোমানল" নাট্যদলের গোরাচাঁদ সেনগুপ্ত, বোলপুর গণনাট্য "উত্তরণ" নাট্যদলের রবীন্দ্রনাথ হাজরা, "কিনাঙ্ক" নাট্যদলের শুভব্রত রায় চৌধুরী।

    তৃতীয় দিন তথা ২৭ মার্চ "বিশ্ব নাট্য দিবস" উপলক্ষে তারা বিশ্বভারতীর নানা ভবনের নানা প্রদেশের শিক্ষকদের আমন্ত্রণ জানায় তন্মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক উসাম রোজিও, ওড়িয়া বিভাগের সহকারি অধ্যাপক শরৎকুমার জেনা এবং নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক বিপ্লব বিশ্বাস। তৃতীয় দিনের আলোচনার আগে নাট্য দিবসের মেসেজ ইংরেজীতে পাঠ করে শোনান পাঠভবনের অধ্যাপিকা শ্রীময়ি ঘোষ এবং বাংলায় পাঠ করেন পাঠভবনের অধ্যাপিকা দেবলীনা দালাল।