Upcoming: Autumn Issue '26

Ongoing: Summer Issue '25 (Uploading Work in Progress)

ISSN 2321 - 4805

  • "দল"-এর রবীন্দ্র জন্ম-জয়ন্তী উদ্‌যাপন

    15 May 2026: "দল"-এর রবীন্দ্র জন্ম-জয়ন্তী উদ্‌যাপন

    Gitanjali Das , Theatre Artist , বিশ্বভারতী

    গত ১০ মে ২০২৬ ইং তারিখে দিগন্তপল্লী, শান্তিনিকেতনের ক্ষুদে বাচ্চাদের দ্বারা অভিনীত নাটক কচুরীপানা মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী একটি নাট্য কর্মশালা। সেই সাথে উদযাপিত হলো এ বছরের রবীন্দ্র জন্ম-জয়ন্তী।

     

    শান্তিনিকেতনের “দল নাট্যগোষ্ঠী”র আয়োজনে এবং “দিগন্তপল্লী মাতৃ সংঘে”র সার্বিক সহযোগিতায় এই নাট্য কর্মশালাটি শুরু হয়েছিল গত ৫ মে ২০২৬ ইং তারিখে। সুদূর USA থেকে আগত আমাদের বন্ধু Elizabeth Callahan এই পাপেট কর্মশালাটি পরিচালনা করেন। পাঁচদিনের অক্লান্ত পরিশ্রম এবং অধ্যবসায়ের মধ্য দিয়ে এই ক্ষুদে বাচ্চাদের নিয়ে এই নাট্য কর্মশালাটি শেষ হয় ৯ মে ২০২৬ ইং তারিখে। অতঃপর ১০ মে সন্ধ্যা সাতটায় ‘দিগন্তপল্লী কালী মন্দির’ প্রাঙ্গণে রবীন্দ্র জন্ম-জয়ন্তী অনুষ্ঠানে কর্মশালা থেকে তৈরী একটি ছোট্ট নাটিকা কচুরিপানা সকলের সামনে অভিনীত হয়।

     

    অভিনয়ের প্রাক্কালে অতিথিদের বরনের মধ্য দিয়ে স্বল্প সময়ের একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন “দল নাট্যগোষ্ঠী”র সভাপতি তড়িৎ রায় চৌধুরী এবং “দিগন্তপল্লী মাতৃ সংঘে”র সেক্রেটারি শ্যামল কোনার সহ নাট্য কর্মশালাটির পরিচালক এলিজাবেথ এবং বেনারস থেকে আগত আমাদের বন্ধু বাঁশিশিল্পী সনু। সেখানে দেশি-বিদেশি এবং স্থানীয় নানারকমের দর্শকদের মাঝে সর্বপ্রথম অভিনীত হয় দিগন্তপল্লীর ক্ষুদে বাচ্চাদের একটি পাপেট শো পত্রিকা। তারপরে পরেই অভিনীত হয় নাটিকা কচুরিপানা। সবশেষে আমাদের বন্ধু বাঁশি শিল্পী সনুর বাঁশির সুরে আলাপের মধ্যে দিয়ে শেষ হয় রবীন্দ্র জন্ম-জয়ন্তী অনুষ্ঠান।